বগুড়ায় ১২০০ পরিবারের প্রায় ৭৭ লাখ টাকা নিয়ে উধাও মাংস সমিতির তিন পরিচালক | Daily Chandni Bazar বগুড়ায় ১২০০ পরিবারের প্রায় ৭৭ লাখ টাকা নিয়ে উধাও মাংস সমিতির তিন পরিচালক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ ০০:১১
বগুড়ায় ১২০০ পরিবারের প্রায় ৭৭ লাখ টাকা নিয়ে উধাও মাংস সমিতির তিন পরিচালক
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ১২০০ পরিবারের প্রায় ৭৭ লাখ টাকা নিয়ে উধাও মাংস সমিতির তিন পরিচালক

প্রতারক মাংস সমিতির বিতরণ করা ভিজিটিং কার্ড। ছবি- সংগৃহীত

ঈদের আগে মাংস পাওয়ার আশায় সঞ্চয় করা অর্থ নিয়ে বগুড়া শহরের মালগ্রাম এলাকায় একটি সমিতির তিন পরিচালক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ১২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নির্ধারিত সময়ে মাংস নিতে এসে সদস্যরা জানতে পারেন, ‘ফোর স্টার বিজনেস সমবায় সমিতি’ নামের ওই প্রতিষ্ঠানের পরিচালকরা গা ঢাকা দিয়েছেন। এতে এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মালগ্রাম নতুনপাড়া এলাকার আব্দুল হাকিম, আকরাম ও শাহিন নামে তিন ব্যক্তি সমিতিটি পরিচালনা করতেন। ঈদকে সামনে রেখে সদস্যদের কাছ থেকে নিয়মিত সঞ্চয় সংগ্রহ করা হতো। প্রতিটি সদস্য কার্ডে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমা নেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, চলতি বছরে সমিতির মাধ্যমে মোট প্রায় ৭৭ লাখ টাকা জমা হয়েছিল। গত রোববার (১৫ মার্চ) মাংস সরবরাহের কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরে মঙ্গলবার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হলেও সেদিন পরিচালকরা আত্মগোপনে চলে যান।

ক্ষতিগ্রস্তদের একজন বাবলী আক্তার বলেন, “নিজের টাকার পাশাপাশি কারখানার আরও ৪৪ জনের টাকা আমার মাধ্যমে জমা হয়েছিল। এখন আমি চরম বিপদে পড়েছি। এত টাকা কীভাবে পরিশোধ করব বুঝতে পারছি না।”

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর জানান, একটি সমিতি মাংস সরবরাহের নামে সদস্যদের কাছ থেকে নিয়মিত টাকা সংগ্রহ করছিল। নির্ধারিত দিনে মাংস না দিয়ে তারা অর্থ নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।