মা-বাবাসহ চারজনকে হারিয়ে দেড় বছরের শিশুর জীবনযুদ্ধ, চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar মা-বাবাসহ চারজনকে হারিয়ে দেড় বছরের শিশুর জীবনযুদ্ধ, চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ ০০:৪৬
মা-বাবাসহ চারজনকে হারিয়ে দেড় বছরের শিশুর জীবনযুদ্ধ, চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক

মা-বাবাসহ চারজনকে হারিয়ে দেড় বছরের শিশুর জীবনযুদ্ধ, চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মা-বাবাসহ পরিবারের চার সদস্যকে হারিয়ে অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশু। গুরুতর আহত ওই শিশুটির উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে দ্রুত রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এ স্থানান্তরের প্রস্তুতি চলছে।

বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আহত শিশুটির চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি বগুড়ার জেলা প্রশাসক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালকের সঙ্গে কথা বলে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে শিশুটির জন্য বিশেষায়িত চিকিৎসা ও প্রয়োজনীয় সব ব্যয়ভার বহনের নির্দেশনা দিয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি রংপুরের দিকে যাচ্ছিল। শেরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটির মা-বাবাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, পরিবারটি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় তারা। পরিবারের সবাইকে হারিয়ে শিশুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে।