বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ২৬৪ বোতল মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২-এর নির্দেশনায় গত বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ৭টা ৪৫ মিনিটে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল আদমদীঘি থানাধীন ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের দক্ষিণ পাশে নিমাইদীঘি রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনের সময় ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিলসহ মোট ২৬৪ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে মোঃ সোহেল আল জাহান (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা জেলার সদর উপজেলার কুমড়াখালি এলাকার বাসিন্দা। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে পরিবহন ও বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আওতায় আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ সকল অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।