চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড- ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুইজনের মৃত্যু, আহত আরও একজন | Daily Chandni Bazar চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড- ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুইজনের মৃত্যু, আহত আরও একজন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ ০১:৩৮
চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড- ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুইজনের মৃত্যু, আহত আরও একজন
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড- ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুইজনের মৃত্যু, আহত আরও একজন

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (সকাল ১০টা) নগরীর টেরিবাজারের বক্সির বিট এলাকায় অবস্থিত অর্কিড প্লাজা নামের ১২ তলা ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকর্মীরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান।

হাসপাতালের মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

অসুস্থ অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

অতীশ চাকমা, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস জানান, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভবনটিতে বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং ও কাপড়ের দোকান রয়েছে। অগ্নিকাণ্ডের সময় পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠ তলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।