জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন নিজের জন্মস্থান বগুড়ায়। শনিবার (২১ মার্চ) সকালে তিনি রিকশায় চড়ে ছেলেকে সঙ্গে নিয়ে ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে যান। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন তার বাবা মাহবুব হামিদ তারা।
বগুড়ার ধরমপুর মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। এ সময় তিনি অসহায় মানুষের মাঝে দান-খয়রাতও করেন। নামাজের আগে সকালে পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন তিনি।
ঈদের আনন্দ ভাগাভাগি প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন, “সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আত্মীয়স্বজন ও অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করা উচিত। আল্লাহ আমাদের রমজানের ইবাদত কবুল করুন।”
সম্প্রতি হজ পালনে গিয়ে সৌদি আরবের জেদ্দা-তে সাময়িকভাবে আটকে পড়ার অভিজ্ঞতার কথাও জানান তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় প্রায় দেড় দিন সেখানে অবস্থান করতে হয় তাকে।
তিনি বলেন, “জেদ্দায় আটকে থাকায় কিছুটা উদ্বেগে ছিলাম। তবে আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়ায় নিরাপদে দেশে ফিরতে পেরেছি। যারা এখনো সেখানে আছেন, আশা করি তারা দ্রুত পরিবারের কাছে ফিরে আসবেন।”
এদিকে নাতি ও ছেলেকে নিয়ে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আবেগাপ্লুত হন তার বাবা মাহবুব হামিদ তারা। তিনি বলেন, “বিদেশে যুদ্ধ পরিস্থিতিতে ও (মুশফিক) আটকে থাকায় আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছি, কয়েকটি মসজিদেও দোয়া করানো হয়েছিল।”