শাজাহানপুরে রাম নবমী উৎসব উদযাপন | Daily Chandni Bazar শাজাহানপুরে রাম নবমী উৎসব উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ০০:২২
শাজাহানপুরে রাম নবমী উৎসব উদযাপন
শোভাযাত্রা, পূজা-অর্চনা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর ডেমাজানী
নিজস্ব প্রতিবেদক

শাজাহানপুরে রাম নবমী উৎসব উদযাপন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ‘রাম নবমী উৎসব-২০২৬’ উদযাপিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে শ্রীশ্রী রামসীতা মন্দির কর্তৃপক্ষ।

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সকাল থেকেই ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ডেমাজানী এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে করতোয়া নদীর ঘাটে গিয়ে পূণ্যস্নানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

এরপর পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের পদচারণায় উৎসবস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্দির কমিটির সভাপতি সুনীল রবিদাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুমন কুমার, কোষাধ্যক্ষ রিপন রবিদাস, সেবায়েত স্বপন রবিদাসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজার্চনার সুবিধার্থে ডেমাজানীস্থ করতোয়া ঘাট সংস্কার এবং ভবিষ্যতে গঙ্গা পূজা, ছট (সূর্য পূজা)সহ অন্যান্য ধর্মীয় আচার পালনে সরকারি সহায়তার আহ্বান জানান ভক্তরা।