কামারদহ ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ | Daily Chandni Bazar কামারদহ ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ০০:৫৯
কামারদহ ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ

কামারদহ ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় কামারদহ ইউনিয়ন অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজার এলাকায় কামারদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কামারদহ ইউনিয়নের যেকোনো স্থান থেকে গোবিন্দগঞ্জ শহরে পৌঁছাতে সময় লাগে মাত্র ৫ থেকে ১০ মিনিট। অন্যদিকে মহিমাগঞ্জে যেতে সময় লাগবে অন্তত ৪০ থেকে ৪৫ মিনিট। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই ইউনিয়নটিকে গোবিন্দগঞ্জ উপজেলার সঙ্গেই বহাল রাখার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে অংশগ্রহণকারীরা, যা স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় যানজট।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। তিনি এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বিষয়টি সংশ্লিষ্ট মহলে উত্থাপন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

স্থানীয়দের আশা, তাদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।