সরকারপ্রধান হিসেবে একই পরিবারের তিনজন | Daily Chandni Bazar সরকারপ্রধান হিসেবে একই পরিবারের তিনজন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ০০:২১
সরকারপ্রধান হিসেবে একই পরিবারের তিনজন
আল-মামুনঃ

সরকারপ্রধান হিসেবে একই পরিবারের তিনজন

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জিতে সরকার গঠন করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী হিসেবে জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে তারেক রহমান সরকারপ্রধান হয়েছেন।

‎গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে শপথ গ্রহণের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন এই নেতা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল অধ্যায়ের সূচনা হয়েছে। একই পরিবারের তিন সদস্য সরকার প্রধান হওয়ার নজিরে যুক্ত হয়েছে জিয়া পরিবার।

‎তারেক রহমানের বাবা জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে পা রাখেন তার মা বেগম খালেদা জিয়া।

‎স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক জনসমর্থন অর্জন করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী হিসেবে মোট তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।  তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়কাল হলোঃ প্রথম মেয়াদ (১৯৯১-১৯৯৬): ২০ মার্চ ১৯৯১-এ শপথ গ্রহণ করেন এবং ৩০ মার্চ ১৯৯৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন,

‎দ্বিতীয় মেয়াদ (১৯৯৬): ফেব্রুয়ারি ১৫, ১৯৯৬-এর নির্বাচনের পর তিনি স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন,

‎তৃতীয় মেয়াদ (২০০১-২০০৬): ২০০১ সালের সাধারণ নির্বাচনে জয়লাভের পর ১০ অক্টোবর ২০০১ সালে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন,

‎তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান হিসেবে সুপরিচিত ছিলেন।  তাঁর শাসনামলে অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।

‎বাবা-মায়ের পর এবার সরকার পরিচালনার দায়িত্বে তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একই পরিবারের তিনজন সরকারপ্রধান হওয়ার পাশাপাশি সরকার পরিচালনার নেতৃত্বে অভিষেক হয়েছে দ্বিতীয় প্রজন্মের।

‎রাজতন্ত্র বাদে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় একই পরিবারের একাধিক সদস্যের শীর্ষ নেতৃত্বে আসার উদাহরণ বিশ্বে বিরল হলেও একেবারে অনুপস্থিত নয়। ভারতে জওহরলাল নেহরু, তার মেয়ে ইন্দিরা গান্ধী এবং নাতি রাজীব গান্ধী—তিনজনই প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো, তার মেয়ে বেনজির ভুট্টো ও তার স্বামী আসিফ আলী জারদারিও প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীলঙ্কায় এস ডব্লিউ আর ডি বন্দরনায়েকে, শ্রীমাভো বন্দরনায়েকে ও চন্দ্রিকা কুমারাতুঙ্গা একই পরিবারে থেকে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া উত্তর কোরিয়ায় কিম পরিবার, থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবার, গ্রিসে পাপানড্রেউ পরিবারসহ বিভিন্ন দেশে পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতার নজির রয়েছে।