রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জমি বিরোধের জেরে একটি নার্সারি ও ইলেকট্রনিক্স সার্ভিসিং দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে একই পরিবারের চারজন আহত হয়েছেন।
উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কিসামত হাজীপাড়া এলাকায় গত ১৯ মার্চ এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছা. বুলবুলি বেগমের স্বামী সিরাজুল ইসলাম পৈত্রিক জমিতে একটি নার্সারি ও ইলেকট্রনিক্স সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ওই জমি দখলের চেষ্টা করে আসছিল।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে জমিতে প্রবেশ করে নার্সারির প্রায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির চারাগাছ উপড়ে ফেলে ও নষ্ট করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। পরে তারা দোকানে অগ্নিসংযোগ করলে ল্যাপটপ, টেলিভিশন, রাউটারসহ মূল্যবান যন্ত্রপাতি পুড়ে যায়, যার ক্ষয়ক্ষতির পরিমাণও প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে।
এ সময় বাধা দিতে গেলে বুলবুলি বেগম, তার শ্বশুর মজিবর রহমান ও শাশুড়ি আনোয়ারা বেগমসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। তাদের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয় এবং বুলবুলি বেগমকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আজহারুল ইসলাম ও সোহেল মিয়া জানান, তারা ঘটনাস্থলে গিয়ে নার্সারির গাছ কাটা এবং দোকান পুড়িয়ে দেওয়ার চিত্র দেখতে পান।
এ ঘটনায় ভুক্তভোগী বুলবুলি বেগম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানা-এ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন (মামলা নং-১৭, তারিখ: ২৭ মার্চ ২০২৬)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।