মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা | Daily Chandni Bazar মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০১:৩২
মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
রায়গঞ্জ, সিরাজগঞ্জ সংবাদদাতা

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলা করেন সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।
আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, হুমায়ুন কবীর কর্নেল ও ইন্দ্রজিত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এপিপি হামিদুল ইসলাম দুলাল জানান, মুফতি আমির হামজা বিরোধী দলীয় সংসদ সদস্য ও প্রভাবশালী ইসলামি বক্তা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খ্যাতি ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমআর নামাজের খুৎবার আগে বক্তব্য প্রদান করেন।
মুক্তি পাওয়া তথ্য অনুযায়ী, ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এতে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আমির হামজা মানহানিকর বক্তব্য প্রদান করে ১০০ কোটি টাকার মানহানি করেছেন। মামলায় ৫০০ ধারায় অপরাধ আমলে গ্রহণ করে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।