বিএনপির পথসভায় ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার | Daily Chandni Bazar বিএনপির পথসভায় ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৬ ০২:০৫
বিএনপির পথসভায় ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বিএনপির পথসভায় ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের মামলায় সুলতান নাছিম (২৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার পেঁচিবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গ্রেপ্তার সুলতান নাছিম ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা ধুনট উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এ ঘটনায় ধুনট উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন নবী তালুকদার ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট থানায় ছয় শিক্ষকসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে সুলতান নাছিমকে গ্রেপ্তার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।