বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা | Daily Chandni Bazar বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৬ ২৩:২৫
বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহানাজ বেগম (৭০)-কে নিজ বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহানাজ বেগম ওই গ্রামের মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাতিজা আবু রায়হান সুজন জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। শাহানাজ বেগমের ছেলে সজিব ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলেন এবং জানান, বাড়িতে অপরিচিত লোকজন ঢুকেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি শাহানাজ বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ সময় সজিবের স্ত্রীকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল বলেও জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।”