লাথি মেরে মা ছাগলকে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহিণী | Daily Chandni Bazar লাথি মেরে মা ছাগলকে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহিণী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ০০:০৯
লাথি মেরে মা ছাগলকে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহিণী
বদলগাছি, নওগাঁ সংবাদদাতাঃ

লাথি মেরে মা ছাগলকে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহিণী

বামে ভুক্তভোগী গৃহিণী ডানে মৃত মা ছাগলের পাশে দুই ছাগল ছানা। -ছবি সংবাদদাতা

নওগাঁর বদলগাছী উপজেলায় প্রতিপক্ষের জমিতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে একটি ছাগলকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত ছাগলটি নিয়ে বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী গৃহিণী।

শনিবার (৪ এপ্রিল) উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রোববার (৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী ফাতেমা বেগম ভ্যানে করে মৃত একটি মা ছাগল ও তার বাচ্চা নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হন।

অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা বাচ্চু সরদারের ছেলে আব্দুর রশীদ। তিনি বদলগাছী উপজেলা পরিষদে অফিস সহায়ক হিসেবে কর্মরত।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ফাতেমা বেগমের একটি ছাগল অভিযুক্ত আব্দুর রশীদের জমিতে প্রবেশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ছাগলটির পেটে লাথি মারেন। এতে গুরুতর আহত হয়ে ছাগলটি মারা যায়। জানা গেছে, ঘটনার দুই দিন আগে ছাগলটি দুটি বাচ্চা প্রসব করেছিল।

ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছাগলটিকে মারধর করে মেরে ফেলা হয়েছে। এতে আমার বড় ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।” তিনি এ ঘটনায় বদলগাছী থানায় লিখিত অভিযোগও করেছেন বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রশীদ। মুঠোফোনে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তার দাবি, ছাগলটি বাচ্চা প্রসবের পর জটিলতায় পড়ে অসুস্থ হয়ে মারা গেছে, তিনি কোনো ধরনের আঘাত করেননি।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। তবে ঘটনাস্থলে আগাছা পরিষ্কারের সময় ছাগলকে লাথি মারার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে স্থানীয় পশু চিকিৎসক রেজাউল ইসলাম জানান, তাকে ছাগলটির চিকিৎসার জন্য ডাকা হয়েছিল। সেখানে গিয়ে তিনি ছাগলটির অবস্থা আশঙ্কাজনক দেখতে পান এবং উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে তিনি জানতে পারেন, ছাগলটি মারা গেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।