বগুড়া শহরে রবিন হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিন হোসেন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে উত্তর চেলোপাড়া ও নারুলী এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে রবিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এর আগে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল।
রোববার সন্ধ্যায় ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় কবরস্থানের গাছ থেকে আতাফল পাড়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে রবিনের কথা কাটাকাটি হয়। পরে রাতে চার থেকে পাঁচজন যুবক তাকে কবরস্থানের পাশের একটি জঙ্গলে নিয়ে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জঙ্গল থেকে তিনটি হকিস্টিকের ভাঙা অংশ এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের সঙ্গে নিহতের পূর্ব বিরোধ ছিল। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।