বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাত ১২টা থেকে আগামী তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত অর্থাৎ ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, ট্যাক্সিক্যাব ও প্রাইভেটকার চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি চিঠি সংস্থাটির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সড়ক পরিবহন বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং বিশেষ প্রয়োজনে স্থানীয় পর্যায়ে যাতায়াতকারী যানবাহনের ক্ষেত্রেও শিথিলতা থাকবে।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য একটি এবং তাদের নির্বাচনি এজেন্টের জন্য একটি করে যানবাহন (জিপ, কার বা মাইক্রোবাস) রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও নির্ধারিত স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচলের সুযোগ পাবে।