বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ ২১:৫৯
বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া শহরের রাজা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‍্যাব-১২ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রাজা বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। অভিযানে সহযোগিতা করেন র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

অভিযান চলাকালে দেখা যায়, রাজা বাজারের নিউ মন্ডল ট্রেডার্স ৫ লিটারের সয়াবিন তেলের বোতল নির্ধারিত ৯৫৫ টাকার পরিবর্তে ৯৬০ টাকায় বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, প্রতি লিটার সয়াবিন তেলের নির্ধারিত মূল্য ১৮৫ টাকা হলেও বেশি দামে বিক্রির দায়ে সালাম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় মিঠু ট্রেডার্স ও এ.কে. ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে, সাইফুল স্টোরকে ২ হাজার টাকা এবং আ. রহমান স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, বর্তমান বাজার পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তেলের বাজারে কারসাজি করছিল। নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।