দুপচাঁচিয়ায় অর্থের অভাবে ফত্তিতলা শ্মশানঘাটির ঘর নির্মান কাজ বন্ধ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় অর্থের অভাবে ফত্তিতলা শ্মশানঘাটির ঘর নির্মান কাজ বন্ধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ ২৩:৪৪
দুপচাঁচিয়ায় অর্থের অভাবে ফত্তিতলা শ্মশানঘাটির ঘর নির্মান কাজ বন্ধ
দুপচাঁচিয়া, বগুড়া সংবাদদাতা

দুপচাঁচিয়ায় অর্থের অভাবে ফত্তিতলা শ্মশানঘাটির ঘর নির্মান কাজ বন্ধ

বগুড়ার দুপচাঁচিয়ায় অর্থের অভাবে ফত্তিতলা শ্মশান ঘাটির পাকা ঘর নির্মাণ বন্ধ হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় স্থানীয় একজন দানশীল ব্যক্তির দান করা জায়গায় মাটি ও বালু ভরাট করে তাতে কলম নির্মাণ করা হয়েছে। এখন শুধু দেয়াল ও ছাদ নির্মান কাজ বাঁকী রয়েছে। কিন্তু অর্থের অভাবে তা আর সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। 
খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার তালোড়া পৌর এলাকার বাজার মহল্লা হতে প্রায় এক কিলোমিটার পশ্চিম দক্ষিণ কোণে সরঞ্জাবাড়ী মহল্লার অদূরে নাগরনদের তীরে ফত্তিতলা নামক স্থানে বহুবছর পূর্ব থেকে সনাতন ধর্মালম্বীরা তাদের শবদাহ করে আসছেন। সেই থেকে এটি ফত্তিতলা শ্মশান ঘাট নামে পরিচিত। এ শ্মশান ঘাটে তালোড়া পৌরসভার সরঞ্জাবাড়ী, দুবড়া মহল্লা ও তালোড়া ইউনিয়নের ফেঁপিড়া গ্রামের সনাতন ধর্মালমলম্বীর মানুষ মারা গেলে তাদের শবদাহ করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টি ও অনেক সময় রাতের বেলা শবদাহ করতে আসলে শ্মশানবন্ধুদের(মৃত লোকের সৎকারের জন্য আগত লোকজন) অনেক ভোগান্তি পোহাতে হয়। এ স্থানটি লোকালয় হতে একটু দূরে হওয়ায় মৃত ব্যক্তিদের সঙ্গে আসা লোকজনদের স্থায়ী বসার জায়গা না থাকায় নদ তীরবর্তী স্থানে একটি পাকা ঘর নির্মাণ করার প্রয়োজনের কথা বিবেচনা করে সরঞ্জাবাড়ী মহল্লার শ্রী প্রতাপ চন্দ্র ২শতাংশ জায়গা দান করেন। দান করা ওই জায়গায় পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে ওই স্থানে বালু ও মাটি ভরাট করে স্থানীয় লোকজনদের আর্থিক সহযোগিতা ও ৩ গ্রামের সনাতন ধর্মালম্বীদের চাঁদায় ১২টি কলম নির্মাণ করা হয়েছে। এখন ওই জায়গায় দেয়াল ও ছাদ নির্মাণ করা জরুরী। কিন্তু অর্থের অভাবে ওই পাকা ঘর নির্মাণ এখন বন্ধ রয়েছে। সেই সঙ্গে যে স্থানে মৃত ব্যক্তির চিতায় আগুন দেয়া হয় তার অবস্থাও খুব একটা ভালো নয়। 
উপজেলার সরঞ্জাবাড়ী মহল্লার পরিমল মন্ডল, ভুপেন সরকার, ফেঁপিড়া গ্রামের বিমল চন্দ্র দাস, দুবড়া মহল্লার নরেশ চন্দ্র দাস জানান, ফত্তিতলা শ্মশান ঘাটে পাকা ঘর না থাকায় শবদাহ করতে এসে তাদের বিড়ম্বনা পোহাতে হয়। তাই তারা ওই স্থানে পাকা ঘর নির্মাণের সরকারিভাবে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। 
ফত্তিতলা শ্মশানঘাট উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত মন্ডল বাপ্পী বলেন, ২০১৭সালে এখানে পাকা ঘর নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এ পাকা ঘর নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যায়নি। সরকারিভাবে আর্থিক সাহায্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।