২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯ | Daily Chandni Bazar ২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ ২৩:৪৫
২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯
নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশু নিশ্চিতভাবে হামে এবং বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। এছাড়া নতুন করে ৮২ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ শিশুর।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১৭ হাজার ২৪ জন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭২১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।

এ সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন। অন্য বিভাগগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।