দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ | Daily Chandni Bazar দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:০৩
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ

অপরিশোধিত জ্বালানি তেলের তীব্র ঘাটতির কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)-এর শোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, টানা প্রায় দুই মাস ধরে ক্রুড অয়েল আমদানি বন্ধ থাকায় গত রোববার (১২ এপ্রিল) বিকেল থেকেই শোধন কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। সর্বশেষ মজুত তেল পরিশোধনের কাজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শেষ হয়েছে।

তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় এর কোনো প্রভাব পড়বে না।

ইআরএল সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং চারটি ট্যাংকের ডেড স্টক ব্যবহার করে কিছুদিন শোধন কার্যক্রম চালু রাখা হয়েছিল।

স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হয়। তবে সংকটের কারণে গত মাস থেকেই উৎপাদন কমিয়ে দৈনিক প্রায় ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়।

গত ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।