শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার আশ্বাস, বগুড়াকে শিক্ষা মডেল জেলা গড়ার ঘোষণা | Daily Chandni Bazar শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার আশ্বাস, বগুড়াকে শিক্ষা মডেল জেলা গড়ার ঘোষণা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:০৭
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার আশ্বাস, বগুড়াকে শিক্ষা মডেল জেলা গড়ার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার আশ্বাস, বগুড়াকে শিক্ষা মডেল জেলা গড়ার ঘোষণা

দেশের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে। খুব শিগগিরই তারা শতভাগ উৎসব ভাতা পেতে যাচ্ছেন বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চবিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা, তাদের মর্যাদা বৃদ্ধি এবং প্রণোদনা বাড়াতে সরকার কাজ করছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতাও শিক্ষাব্যবস্থায় কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস হল নির্মাণ করা হবে, যেখানে পরীক্ষার ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পাঠদান নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বগুড়াকে দেশের অন্যতম শিক্ষানগরী ও এডুকেশনাল হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, এ অঞ্চলকে কেন্দ্র করে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে এবং বগুড়াকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল জেলায় পরিণত করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী। কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মাধ্যমে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে। কৃষক কার্ডকে ‘নতুন হালখাতা’ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে কৃষকরা সহজে প্রণোদনা, ভর্তুকি ও বিভিন্ন সহায়তা পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

উল্লেখ্য, অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলায় প্রাক-পাইলটিং কার্যক্রমের আওতায় ৩ হাজার ১৪৭ জন কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়।