বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:১১
বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শহরের নিশিন্দারা খাপাড়া এলাকার আলিফ লাম মিম ছাত্রাবাসের একটি কক্ষ ও সংলগ্ন ইউক্লিপ্টাস বাগানে অভিযান চালানো হয়।

অভিযানকালে নিশিন্দারা এলাকার পরিচিত মাদক কারবারি মো. আলামিন (২৫)কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৪ বোতল ফেয়ারডিল মাদক, একটি চায়নিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিশেষ মুখোশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।