বগুড়ার শিবগঞ্জে ৩,১৪৭ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ বিতরণ | Daily Chandni Bazar বগুড়ার শিবগঞ্জে ৩,১৪৭ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:১৩
বগুড়ার শিবগঞ্জে ৩,১৪৭ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ বিতরণ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে ৩,১৪৭ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাক্-পাইলটিং পর্যায়ে ৩ হাজার ১৪৭ জন কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এদিন টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এর পর দুপুর দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উথলি উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় পর্যায়ে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করা হয়।

বগুড়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য দেন।

বক্তারা বলেন, কৃষকদের প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণসহ বিভিন্ন সুবিধা পাবেন।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন জানান, তিন ধাপে—প্রাক্-পাইলটিং, পাইলটিং এবং দেশব্যাপী বাস্তবায়নের মাধ্যমে পর্যায়ক্রমে সব কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষকদের পাঁচটি শ্রেণিতে বিভক্ত করে কার্ড প্রদান করা হবে।

তিনি আরও জানান, শিবগঞ্জ উপজেলার উথলি ব্লকের নির্বাচিত ৩ হাজার ১৪৭ জন কৃষকের মধ্যে ১ হাজার ১৪১ জনই ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। তাদের প্রত্যেকের ব্যাংক হিসাবে এক বছরের প্রণোদনা হিসেবে ইতোমধ্যে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়েছে।

কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, কৃষি খাতে সরকারি সহায়তা সহজলভ্য হলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং তারা আরও উৎসাহিত হবেন।