কুষ্টিয়ায় পীর হত্যায় পরিবারের মামলা দায়ের | Daily Chandni Bazar কুষ্টিয়ায় পীর হত্যায় পরিবারের মামলা দায়ের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:১৪
কুষ্টিয়ায় পীর হত্যায় পরিবারের মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় পীর হত্যায় পরিবারের মামলা দায়ের

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামিম (৬৫) হত্যার ঘটনায় অবশেষে মামলা করেছে তার পরিবার।

সোমবার (১৩ এপ্রিল) রাতে দৌলতপুর থানায় নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি জানান, মামলায় একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামি হলেন রাজিব মিস্ত্রি, যিনি স্থানীয় গাজী মিস্ত্রির ছেলে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার সময়ের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে পরিবার এখন পর্যন্ত একজনের নাম উল্লেখ করে মামলা করেছে।

এর আগে গত শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা আব্দুর রহমানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার তিনজন অনুসারী আহত হন। পাশাপাশি তার অবস্থানস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ঘটনার পরদিন রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে বিকেলে গ্রামের কবরস্থানে আব্দুর রহমান শামিমকে দাফন করা হয়।