সৈয়দপুর রেলস্টেশন এলাকায় মাদকসেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড | Daily Chandni Bazar সৈয়দপুর রেলস্টেশন এলাকায় মাদকসেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:১৬
সৈয়দপুর রেলস্টেশন এলাকায় মাদকসেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড
নীলফামারী সংবাদদাতাঃ

সৈয়দপুর রেলস্টেশন এলাকায় মাদকসেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাঘুরি ও জনসম্মুখে মাতলামির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় সৈয়দপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সৈয়দপুর উপজেলার হাতাখানা এলাকার মৃত তোফাজ্জলের ছেলে মো. সুমন (৩৬), মকবুলের ছেলে মো. জুম্মন (৩০) এবং আব্দুল মতিনের ছেলে মো. মুন্না (২৪)।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. সুমনকে ৪ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মো. জুম্মন ও মো. মুন্নাকে ১ মাস করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেলওয়ে স্টেশন এলাকায় নেশাগ্রস্তদের অবাধ চলাচল ও বিশৃঙ্খলার অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, “রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় মাদকসেবীদের উপস্থিতি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদকসেবী ও কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে।”