প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ০১:৪৫
বগুড়ায় এক তরুণীর বিরুদ্ধে পার্কে ডেকে নিয়ে যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
ছবি- Ai Generated
বগুড়া সদর এলাকায় একটি পার্কে ডেকে নিয়ে এক যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক তরুণীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার জোড়া তাল পুকুরপাড়া এলাকার বাসিন্দা মো. আরাফাত (২২) গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে পরিচিত এক তরুণীর সঙ্গে বগুড়া সদর থানাধীন ‘মম ইন পার্কে’ যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওই তরুণী তার সহযোগীদের ডেকে আনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে কয়েকজন মিলে আরাফাতকে ঘিরে ফেলে তার কাছে থাকা একটি স্কুটি, মানিব্যাগে থাকা প্রায় ২০ হাজার টাকা এবং একটি ভিভো মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে স্কুটি ফিরিয়ে দিলেও নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে ভবিষ্যতে ক্ষতির হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় আশপাশের লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেছেন এবং অনেকেই এ বিষয়ে অবগত রয়েছেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।