প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ ০০:০৯
বগুড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে হত্যা, নিহত ‘মাদক কারবারি’ রকি
শাজাহানপুরে মহাসড়কে হামলা, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে রকি (৩২) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বনানী এলাকায় গাক অফিসের সামনে মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।
নিহত রকি উপজেলার গণ্ডগ্রাম এলাকার বেলাল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, “দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে হত্যা করে। কারা বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।