ঢাকায় ফ্ল্যাট না থাকলেও সোয়া চার কোটি টাকার বইয়ের মালিক ব্যারিস্টার শাহরিয়ার | Daily Chandni Bazar ঢাকায় ফ্ল্যাট না থাকলেও সোয়া চার কোটি টাকার বইয়ের মালিক ব্যারিস্টার শাহরিয়ার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ ০০:৩১
ঢাকায় ফ্ল্যাট না থাকলেও সোয়া চার কোটি টাকার বইয়ের মালিক ব্যারিস্টার শাহরিয়ার
নওগাঁ সংবাদদাতাঃ

ঢাকায় ফ্ল্যাট না থাকলেও সোয়া চার কোটি টাকার বইয়ের মালিক ব্যারিস্টার শাহরিয়ার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির জানিয়েছেন, ঢাকায় নিজের কোন বাড়ি বা ফ্ল্যাট না থাকলেও তিনি সোয়া চার কোটি টাকার বইয়ের মালিক। বর্তমানে বইগুলো তার লাইব্রেরীতে সাজানো আছে। বিষয়টি নিয়ে বন্ধুমহলে প্রায়ই হাসির পাত্র হতে হয় তাকে। মৃত্যুর পর সংগৃহীত এসমস্ত বই নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনকে উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত নবীন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নওগাঁ এ আয়োজন করে।

ব্যারিস্টার শাহরিয়ার বলেন, বর্তমানে প্রতি মাসে অন্তত একবার তিনি দেশের বাহিরে ভ্রমন করেন। সেই বিমানযাত্রা হয় বিজনেস ক্লাসে। নিজের নেক নিয়তের কারণেই আজকে তিনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। তাই আইন পেশার প্রতি সম্মান রেখে বিপদগ্রস্ত মানুষকে সহযোগীতা করতে আইনজীবীদের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, অনেক আইনজীবী বিপদগ্রস্ত মানুষ সহযোগীতা চাইতে আসলে তাকে উল্টো ফাঁদে ফেলে অতিরিক্ত টাকা আদায় করে। আমাদের মনে রাখা উচিত এই পেশা অন্য সকল পেশার থেকে সম্পূর্ণ আলাদা। এ পেশায় যুক্ত হওয়ার পর একে অপরকে লার্নেড বলে ডাকা হয়। অর্থাৎ জ্ঞানী। এই জ্ঞানের সঠিক ব্যবহার করতে হবে। নয়তো ভবিষ্যতে আওয়ামী আইনজীবীদের মতো পালিয়ে থাকতে হবে।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নওগাঁর সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মাহবুব আলী সুজা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন ও জেলা সেক্রেটারী অ্যাড আ.স.ম সায়েম।

পরে ৮৮ জন নবীন আইনজীবীর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।