বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এক যুবকের দুই পা ভেঙে দিয়েছে গ্রামবাসী | Daily Chandni Bazar বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এক যুবকের দুই পা ভেঙে দিয়েছে গ্রামবাসী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ ০০:০৭
বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এক যুবকের দুই পা ভেঙে দিয়েছে গ্রামবাসী
হিন্দুপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের কথা জানালেন স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এক যুবকের দুই পা ভেঙে দিয়েছে গ্রামবাসী

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে সাগর (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। এতে তার দুই পা ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার শাবরুল হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাগর শাবরুল বাগিচাপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাগর ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি করে আসছিলেন। এতে হিন্দুপাড়ার বহু পরিবার আতঙ্কে ছিলেন।

স্থানীয় বাসিন্দা কনক বাবু জানান, “সাগরসহ কয়েকজন সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। তাদের ভয়ে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি।”

তিনি আরও জানান, রোববার সকালে সাগরসহ কয়েকজন গ্রামে এসে চাঁদা দাবি করেন। একপর্যায়ে তারা এক বাসিন্দার পুকুর থেকে জোর করে মাছ ধরতে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে স্থানীয়রা একত্র হয়ে সাগরকে আটক করে গণপিটুনি দেন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “গণপিটুনিতে সাগরের দুই পা ভেঙে গেছে এবং মাথায় আঘাত রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে কাজ চলছে।