বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে প্রশ্নপত্রের সেট কোড ভুল করে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ওইদিন ‘সেট-১’ প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। উপজেলার ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটিতে নির্ধারিত সেটে পরীক্ষা হলেও সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভুলবশত ‘সেট-৩’ প্রশ্নপত্র বিতরণ করা হয়।
পরীক্ষা চলাকালেই বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে ওই কেন্দ্রের ৬৯৮ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্রের প্রধান ফটক ও আসবাবপত্র ভাঙচুর করে প্রতিবাদ জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক জানান, কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহাদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, “রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।”
অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব মো. শাহাদুজ্জামান দাবি করেন, প্রশ্নপত্রের প্যাকেটের ওপর ‘সেট-১’ লেখা থাকলেও ভেতরে ‘সেট-৩’ প্রশ্নপত্র ছিল। বিষয়টি বুঝতে না পেরে সেটিই বিতরণ করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এলাকায় অতিরিক্ত সতর্কতা রাখা হয়েছে।
এদিকে, ভুল সেটে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে শিক্ষা বোর্ড বিশেষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।