রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কান মেয়েরা। সিরিজে প্রথম ম্যাচটি জিতেছিল বাংলাদেশই, এরপর টানা দুই ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে যা ছিল এই সিরিজের সর্বোচ্চ। ৪৬.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে সেই রান পেরিয়ে দুই দলের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটা জিতে গেছে চামারি আতাপাত্তুর দল।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেন সোবহানা মোস্তারি। ৮০ বলের ইনিংসে ৮টি চার মেরেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান। সোবহানা ফিরেছেন ইনিংসের শেষ বলে।
জয়ের জন্য ২১৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯ রানে প্রথম উইকেট হারায়।
অধিনায়কের বিদায়ের পর ইমেশা দুলানিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন হাসিনি। ৭৯ বলে ৫৬ রান করেন ইমেশা।
শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকেই আউট হয়েছেন হাসিনি।
হাসিনি পেরেরা ১৩১বলে করেন ৯৫ রান। তিনি ১৩ টি চারের মারে এই রান সংগ্রহ করেন। শ্রীলঙ্কা ৪৬.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন শ্রীলঙ্কার হাসিনি পেরেরা। প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন শ্রীলঙ্কার ইমেশা দুলানি
দুই দল এরপর খেলবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে হবে হবে ম্যাচ তিনটি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২১৩/৮ (সোবহানা ৭৪, নিগার ৪০, শারমিন ২৫, রিতু ২০; কাবিশা ৩/৪৮, নিমাশা ২/৪০)।
শ্রীলঙ্কা: ৪৬.৩ ওভারে ২১৪/৩ (হাসিনি ৯৫, ইমেশা ৫৬, হর্ষিতা ৪৪*; মারুফা ২/৪৯)।
ফল: শ্রীলঙ্কা নারী দল ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-১-এ জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: হাসিনি পেরেরা
প্লেয়ার অব দ্য সিরিজ: ইমেশা দুলানি।