বগুড়ায় অবৈধভাবে জ্বালানি মজুত, জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় অবৈধভাবে জ্বালানি মজুত, জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ ০০:৫০
বগুড়ায় অবৈধভাবে জ্বালানি মজুত, জরিমানা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অবৈধভাবে জ্বালানি মজুত,  জরিমানা

বগুড়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের কাটনারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান-এর নেতৃত্বে শহরের ৩ নম্বর ওয়ার্ডের করোনেশন স্কুলের পাশে একটি অটোমোবাইল দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে জানা যায়, ‘মা এন্টারপ্রাইজ’ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকা সত্ত্বেও অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত করে আসছিল। সেখানে প্রায় ২০০ লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি—প্রতি লিটার ২০০ টাকা দরে তেল বিক্রি করছিল, যা হাতেনাতে শনাক্ত করেন কর্মকর্তারা।

এ ছাড়া দাহ্য পদার্থ বিক্রির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স কিংবা ফায়ার সার্ভিসের অনুমতিপত্রও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিপ্লবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ১৮০ লিটার তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।