মহান মে দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শ্রমিকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে।
শুক্রবার (১ মে) বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তাদের অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার যে ভিত্তি তৈরি করেছিলেন, তার ধারাবাহিকতায় তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর এবং কোনো ধরনের শোষণ-বঞ্চনা বরদাস্ত করা হবে না।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।