বগুড়ায় নার্স ও মিডওয়াইফারিদের কর্মসংস্থানের লক্ষ্যে ব্যতিক্রমী চাকুরি মেলা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় নার্স ও মিডওয়াইফারিদের কর্মসংস্থানের লক্ষ্যে ব্যতিক্রমী চাকুরি মেলা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মে, ২০২৬ ২০:৫৯
বগুড়ায় নার্স ও মিডওয়াইফারিদের কর্মসংস্থানের লক্ষ্যে ব্যতিক্রমী চাকুরি মেলা অনুষ্ঠিত
নিরব রায়:

বগুড়ায় নার্স ও মিডওয়াইফারিদের কর্মসংস্থানের লক্ষ্যে ব্যতিক্রমী চাকুরি মেলা অনুষ্ঠিত

দেশের স্বনামধন্য ১৫ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজে শনিবার দিনব্যাপী ব্যতিক্রমী চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। অ্যাসেট প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে সৃজনশীল এই মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী। টিএমএসএস নার্সিং কলেজে অধ্যক্ষ রিতা রানী পালের সভাপতিত্বে চাকুরী মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ড: সৈয়দা নওশীন বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্য অর্জনে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরিত করার লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে অ্যাসেট প্রকল্প কাজ করছে। দেশে বর্তমানে চার শতাধিক নার্সিং কলেজ থাকলেও এর মধ্যে সরকারি মাত্র ৪৭টি। তবে সরকারি বেসরকারি সকল ক্ষেত্রেই শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই। বর্তমান প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেয়ার ব্যাপারে। তিনি বলেন বর্তমান বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের পথ সুগম করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড: হোসনে আরা বেগম বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একজন শিক্ষার্থী কতটা সাবলীল ভাবে চাকরি পেল সেটাতেই প্রমাণ হয় শিক্ষার মান কেমন ছিল। টিএমএসএস নার্সিং কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তারা শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিশ্চিতের পাশাপাশি তাদেরকে বাস্তব জীবনমুখী জ্ঞানলাভ ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার প্রয়াস করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, শিক্ষার্থীরা নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে যদি তৈরি করতে পারে তাহলে চাকুরীর বাজারে কখনোই অপেক্ষা করতে হবে না। তিনি নানামুখী ইতিবাচক উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের শুভকামনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম, এসেট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আইডিজি (স্বাস্থ্য) ডা: মেহবুবা সাঈদ এবং বগুড়া বেসরকারী হাসপাতাল, ডায়োগনোস্টিক ও ক্লিনিক এসোসিয়েশন সভাপতি রোটা. ডা: মো: মুনসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়েশা বেগম, অধ্যক্ষ টিএমসি অধ্যাপক ডা: মো: জাকির হোসেন সহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক–শিক্ষার্থী ও মেলায় আসা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় এভার কেয়ার হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক, গাক চক্ষু হাসপাতালসহ দেশের স্বনামধন্য ১৫ টি প্রতিষ্ঠান সরাসরি জীবন বৃত্তান্ত জমা নিয়ে নার্সিং শিক্ষার্থীদের চাকুরি প্রদান করেন।