দীর্ঘ দুই দশক পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম-এ। আগামী ৮ ও ১০ জুন এখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ‘এ’ দল ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার ওয়ানডে ম্যাচ।
শনিবার (২ মে) বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, সরকার ক্রীড়াক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের আটটি খেলায় প্রতিভা অন্বেষণ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভা বিকাশের ধারা তৈরি হয়েছিল, যা পুনরায় চালুর পাশাপাশি এবার ক্রীড়াক্ষেত্রেও সম্প্রসারণ করা হয়েছে।
স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক জামিলুর রহমান জানান, সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে বাইরে ছিল ভেন্যুটি।
তিনি আরও জানান, ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্টেডিয়ামটির ভেন্যু বাতিল করে এবং এক পর্যায়ে সরঞ্জাম ও জনবল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পরে স্থানীয়দের আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। তবে মাঠ সংস্কারে এখনো তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম—এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।