হাওরাঞ্চলের ছয় জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা চিন্তা করে বোরো ধানের পাশাপাশি চাল সংগ্রহ করার সময় ১২ দিন এগিয়ে এনেছে সরকার।
ফলে আজ রোববার থেকেই ধান-চাল কেনা শুরু হচ্ছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শুক্রবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে ধান ও ১৫ মে থেকে চাল সংগ্রহের জন্য সরকার দিন-তারিখ ধার্য করলেও কৃষকদের কথা চিন্তা করে রোববার থেকেই ধান ও চাল সংগ্রহ শুরু করবে সরকার।
এই ছয় জেলা হল- নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
তবে, দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, অর্থাৎ ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংগ্রহ অভিযান চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত চলবে।