স্ত্রী নির্যাতনের অভিযোগে বগুড়ায় যুবদল নেতা বহিষ্কার | Daily Chandni Bazar স্ত্রী নির্যাতনের অভিযোগে বগুড়ায় যুবদল নেতা বহিষ্কার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মে, ২০২৬ ০১:১১
স্ত্রী নির্যাতনের অভিযোগে বগুড়ায় যুবদল নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক

স্ত্রী নির্যাতনের অভিযোগে বগুড়ায় যুবদল নেতা বহিষ্কার

বগুড়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগে শহর যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতা নূর মোহাম্মদ নিহার বগুড়া শহর যুবদলের ২০ নম্বর ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে পেশিশক্তি প্রদর্শন এবং তালাকপ্রাপ্ত স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনের সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় নূর মোহাম্মদ নিহারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে নিহারের প্রথম স্ত্রী নূরী আক্তার জানান, দ্বিতীয় বিয়ে করার কারণে তাদের মধ্যে তালাক হয়। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদের পর বিভিন্ন সময় নিহারকে বাসায় ডাকা হতো। গত বুধবার তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদ নিহার দাবি করেছেন, তিনি দলীয় ষড়যন্ত্রের শিকার।