বগুড়ার শেরপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar বগুড়ার শেরপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মে, ২০২৬ ০১:১২
বগুড়ার শেরপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় নিজ বাড়ির পেছনের একটি গাছ থেকে আব্দুল হামিদ (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি পশ্চিমপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামেরই স্থায়ী বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদের স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তার তিন ছেলে ও এক মেয়ে থাকলেও তারা সবাই কর্মস্থল কিংবা বৈবাহিক সূত্রে অন্যত্র বসবাস করেন। ফলে তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন।

এছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা ও একটি দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। স্থানীয়দের ধারণা, একাকীত্ব, অসুস্থতা ও মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বাড়ির পেছনের একটি ইউক্যালিপটাস গাছের ডালে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে এক প্রতিবেশী নারী মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।