বগুড়া সদরে পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী এক দম্পতির ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মাটিডালী করতোয়া আবাসিক এলাকার বাসিন্দা সৈয়দ আতিয়া, নাজনীন পিয়াল ও জং মোঃ সাজ্জাদুল করিম নয়ন দীর্ঘদিন ধরে গোপালবাড়ী এলাকায় “নিশা পোল্ট্রি ফার্ম” পরিচালনা করে আসছেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাদের কাছে দীর্ঘদিন ধরে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং টাকা না দিলে শারীরিক ও আর্থিক ক্ষতির হুমকি দিত।
গত ১১ মে সকাল সাড়ে ৯টার দিকে ফার্ম থেকে মুরগি বিক্রি ও পরিচর্যা শেষে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ফেরার পথে বগুড়া বাইপাস সংলগ্ন নামাবেলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাদের পথরোধ করে। এ সময় কে এম রাজিব হাসান (রাজু), মোঃ নাইম, মোঃ টুটুল, মোঃ নূর হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা লোহার রড, হাসুয়া, চাকু ও বাঁশের লাঠি দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় সাজ্জাদুল করিম নয়নের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার মাথায় তিনটি সেলাই দিতে হয়। এছাড়া নাজনীন পিয়ালের গলায় চাকু ধরে ভয়ভীতি দেখিয়ে মুরগি বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, স্বর্ণের দুল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।