গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় সমাবেশে যোগ দিতে বগুড়া থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এ সমাবেশে যোগ দিতে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাস ও মাইক্রোবাসের বহর নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।
দলীয় সূত্রে জানা যায়, সমাবেশ সফল করতে বগুড়া জেলা ও মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। শনিবার সকাল থেকেই ১২৫টিরও বেশি বাস ও ডজনখানেক মাইক্রোবাসে করে প্রায় ১০ হাজার নেতাকর্মী রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন।
জামায়াত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া মহানগর শাখা থেকে ৫০টি বাস ও পাঁচটি মাইক্রোবাসে প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিতে যান। এছাড়া জেলা শাখা থেকে ৭৫টি বাস এবং পাঁচ থেকে ছয়টি মাইক্রোবাসে আরও সাড়ে ৬ হাজার নেতাকর্মী রাজশাহীর পথে রওনা হন। সব মিলিয়ে জেলা ও মহানগর থেকে ১২৫টি বাস এবং অন্তত ১০ থেকে ১১টি মাইক্রোবাসের বহর সমাবেশস্থলে পৌঁছায়। এর বাইরে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন যানবাহনে করে রাজশাহীতে যান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নুর মোহাম্মদ আবু তাহের বলেন, “আমরা ইতোমধ্যে রাজশাহীতে পৌঁছেছি। ১২৫টির বেশি বাস ও মাইক্রোবাসের বহর নিয়ে বগুড়া জেলা ও মহানগরের প্রায় ১০ হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশ নিয়েছেন।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডা. শফিকুর রহমান–এর। এছাড়া সভায় সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।