বগুড়ার শিবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ধানখেত থেকে মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar বগুড়ার শিবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ধানখেত থেকে মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ০১:০৯
বগুড়ার শিবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ধানখেত থেকে মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ধানখেত থেকে মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহ আলম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহ আলম সংসারদীঘি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর নিজ বাড়িতেই ছিলেন শাহ আলম। শনিবার সকালে বাড়ির পাশের একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি ধান কাটার হাঁসুয়াও উদ্ধার করা হয়েছে।

বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী জানান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শাহ আলম বাবা-মায়ের সঙ্গে বাড়িতে বসবাস করতেন। তার দুই ছেলের মধ্যে একজন মায়ের সঙ্গে এবং অন্যজন নানাবাড়িতে থাকত। পারিবারিক বিরোধ নিয়ে কিছুদিন আগে স্থানীয়ভাবে সালিসও হয়েছিল বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।”