বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ | Daily Chandni Bazar বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ মে, ২০২৬ ০২:০১
বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিনগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানা-এর উপপরিদর্শক জিয়াউর রহমান। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার হওয়া তিনজন হলেন কাওছার (১৯), বাধন (১৯) ও রকি (১৯)। তারা বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় অবস্থিত ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিক ও আরও একজন উপস্থিত ছিলেন।

পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত ১০টা ১৫ মিনিটের দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে যায় তারা। সেখানে রকি নামের আরও একজন যোগ দেন।

ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে বাধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে তিনি চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এসময় বাধন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।