ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় মারধরে নিহত ১ | Daily Chandni Bazar ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় মারধরে নিহত ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মে, ২০২৬ ০১:৪১
ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় মারধরে নিহত ১
নিজস্ব প্রতিবেদক

ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় মারধরে নিহত ১

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মানিক চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক চৌধুরী ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি ছাগলের খামার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী কাকরুলের সঙ্গে মানিক চৌধুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার মানিকের পালিত ছাগল কাকরুলের জমির ঘাস খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে সন্ধ্যায় ঝাঝিড়া বাঙালি বাজারের দিকে যাওয়ার সময় মানিক চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কাকরুল ও তার ভাতিজা রেজাউল লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ পুলিশ এর দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান জানান, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।