শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী | Daily Chandni Bazar শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মে, ২০২৬ ১৬:৫৪
শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসা আক্তার হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে। এ মামলার প্রধান আসামি সোহেল খানসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা এটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে।”

তিনি আরও বলেন, বিচার বিলম্বিত হওয়ার যে অভিযোগ প্রায়ই উঠে, তা সব ক্ষেত্রে সঠিক নয়। এ ধরনের জঘন্য অপরাধে অন্তর্বর্তী সরকারের সময়েও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, “সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই মামলায় দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আমরা মধ্যযুগে নেই। আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে আইনকে যুগোপযোগী করতে হবে। তবে চটজলদি আইন প্রণয়ন বা আদালত স্থাপন ইমোশনালভাবে করা যাবে না। এটি বৃহত্তর পরিসরে বিবেচনা করতে হবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, মাগুরায় একটি ঘটনার পর আইন সংশোধন করে দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়েছিল, যা সময়ের দাবি ছিল। কিন্তু দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রাখতে হয়।

শিশু ধর্ষণের ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে তিনি বলেন, একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মাধ্যমেও সমাধান সম্ভব। নতুন আদালত স্থাপনের ক্ষেত্রে রাজস্ব ব্যয়, জনবল ও মামলার সংখ্যা বিবেচনা করতে হয়। ৬৪ জেলায় আদালত করলেও সব জেলায় সমান মামলা হয় না। তাই জননিরাপত্তা ও বিচার নিশ্চিত করার সর্বোত্তম উপায় খুঁজে বের করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধ প্রতিরোধে সক্রিয় (প্রো-অ্যাকটিভ) ভূমিকা পালন করছে। মাদকবিরোধী, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে।

তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত যতগুলো জঘন্য অপরাধ ঘটেছে, প্রতিটি ক্ষেত্রেই পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে এবং স্বল্প সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।