ছোট ভাইয়ের জানাজায় প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ | Daily Chandni Bazar ছোট ভাইয়ের জানাজায় প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২৬ ০০:০৬
ছোট ভাইয়ের জানাজায় প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ
নিজস্ব প্রতিবেদক

ছোট ভাইয়ের জানাজায় প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৫ মে) বিকেল ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর ছোট ভাই সাব্বিরুল ইসলাম মুন্না রোববার রাত সাড়ে ১০টায় মহাস্থান এলাকায় নিজ বাসভবনে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আজিম উদ্দিন প্রামানিকের ছোট ছেলে সাব্বিরুল ইসলাম মুন্না শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা ছিলেন।

প্যারোলে মুক্তি ও জানাজায় অংশগ্রহণ

ছোট ভাইয়ের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তার জানাজা ও দাফনে অংশ নিতে শরিফুল ইসলাম জিন্নাহর পক্ষে জেলা প্রশাসকের কাছে প্যারোলের আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ অনুমোদন দিলে সোমবার তাকে সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

সোমবার বাদ আছর মহাস্থান ঈদগাহ ময়দানে মরহুম সাব্বিরুল ইসলাম মুন্নার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। প্যারোলে মুক্ত হয়ে শরিফুল ইসলাম জিন্নাহ ছোট ভাইয়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি কারাগারে ফিরে যান।

কারা কর্তৃপক্ষের বক্তব্য

বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবীন জানান, জেলা প্রশাসকের আদেশে কারা কর্তৃপক্ষ তাকে প্যারোলে মুক্তির ব্যবস্থা করে। জেল সুপার আসাদুর রহমান বলেন, সাবেক এমপির ছেলের আবেদনের প্রেক্ষিতে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।