স্বামীর মৃত্যুর শোকে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা | Daily Chandni Bazar স্বামীর মৃত্যুর শোকে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মে, ২০২৬ ১৭:১১
স্বামীর মৃত্যুর শোকে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক

স্বামীর মৃত্যুর শোকে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্বামীর মৃত্যুর শোক ও পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন রত্না রানী সরকার (২৫) নামে এক গৃহবধূ।

মঙ্গলবার (২৬ মে) রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রত্না রানী শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রতন সরকারের স্ত্রী এবং দুলাল চন্দ্র সরকারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, রত্না রানীর সঙ্গে স্বামী রতন সরকারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এপ্রিল মাসে স্বামী রতন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রত্না।

মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খান রত্না। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গাংনগর বাজারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সারোয়ার পারভেজ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।