কাহালুতে পার্কিং বাসে ট্রাকের ধাক্কা: দুজন নিহত, আহত অন্তত ৪ | Daily Chandni Bazar কাহালুতে পার্কিং বাসে ট্রাকের ধাক্কা: দুজন নিহত, আহত অন্তত ৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মে, ২০২৬ ১৭:১২
কাহালুতে পার্কিং বাসে ট্রাকের ধাক্কা: দুজন নিহত, আহত অন্তত ৪
নিজস্ব প্রতিবেদক

কাহালুতে পার্কিং বাসে ট্রাকের ধাক্কা: দুজন নিহত, আহত অন্তত ৪

বগুড়ার কাহালুতে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

বুধবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজার সংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার কোমারপুর গ্রামের উত্তম মণ্ডল (৩০) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের হৃদয় (৩০)। উত্তম হানিফ পরিবহনের সুপারভাইজার এবং হৃদয় ট্রাকের হেলপার ছিলেন।

ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই রুটের আরেকটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল ও ট্রাকের হেলপার হৃদয়সহ অন্তত চারজন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টায় উত্তম এবং সকাল সোয়া ৮টায় হৃদয় মারা যান।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।