মহাস্থানগড় জাদুঘরের ৪৭ মূর্তি আসল নাকি নকল? তদন্ত কমিটির মেয়াদ বাড়ল | Daily Chandni Bazar মহাস্থানগড় জাদুঘরের ৪৭ মূর্তি আসল নাকি নকল? তদন্ত কমিটির মেয়াদ বাড়ল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মে, ২০২৬ ২৩:৪১
মহাস্থানগড় জাদুঘরের ৪৭ মূর্তি আসল নাকি নকল? তদন্ত কমিটির মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক

মহাস্থানগড় জাদুঘরের ৪৭ মূর্তি আসল নাকি নকল? তদন্ত কমিটির মেয়াদ বাড়ল

বগুড়ার শিবগঞ্জে অবস্থিত দেশের প্রাচীনতম প্রত্ননগরী মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত মূর্তি। ছবি-সংগৃহীত

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা—তা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ টিম এনে মূর্তিগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

শনিবার (৩০ মে) দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ বৈঠক হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৈঠকে তদন্তের সর্বশেষ অগ্রগতি, গৃহীত পদক্ষেপ ও প্রাপ্ত তথ্য প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। মূর্তিগুলোর সত্যতা নিরূপণে তদন্ত কমিটির মেয়াদ আরও ১৫ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম এনে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২০০৭ সালে ফ্রান্সে আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য মহাস্থানগড় জাদুঘর থেকে ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়েছিল। প্রদর্শনী শেষে ফেরত আসা এসব নিদর্শন দীর্ঘদিন ধরে কোনো যাচাই-বাছাই ছাড়াই জাদুঘরের স্টোর রুমে পড়ে ছিল। গত ১১ মে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হলে প্রতিমন্ত্রী তদন্তের নির্দেশ দেন।

তদন্ত কমিটির আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “মহাস্থানগড় দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তদন্ত কমিটির কার্যক্রম দ্রুত শেষ করতে আমরা কাজ করছি। বর্ধিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়া সম্ভব হবে বলে আশা করছি।”