বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। অভিযুক্তকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত আলী আজম সাব্বির এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন।
শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত চিঠিতে তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভাইরাল ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগে বলা হয়, বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণার্থী সাব্বির কয়েকজন নারী প্রশিক্ষণার্থীকে অশালীন আচরণ, আপত্তিকর মেসেজ পাঠানো এবং অশ্লীল কথাবার্তা বলতেন। ২৪ মে দুপুরে ক্ষুব্ধ নারী প্রশিক্ষণার্থীরা তাকে একটি কক্ষে আটকে রেখে জুতাপেটা করেন। এ সময় সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, “অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না।”
বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ ইন্সট্রাক্টর রাশেদুল হাসান শাহীন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুতর। আমরা তার কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নিয়েছি। ১ জুন প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”