বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত প্রয়োগ ও চিকিৎসকের অবহেলায় আফরিন জাহান অহনা (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অহনা বগুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডের গাজীপালশা চৌকিরপাড় এলাকার বাসিন্দা। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। নবজাতক সন্তান বর্তমানে সুস্থ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্তান প্রসবের জন্য অহনাকে শহরের খান্দার এলাকার সুস্বাস্থ্য ক্লিনিক এ ভর্তি করা হয়েছিল। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন। তবে অপারেশনের পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
স্বজনদের অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ অহনার রক্তের গ্রুপ ভুল নির্ধারণ করে ‘বি পজিটিভ’ বলে জানায়। সেই অনুযায়ী রক্ত সংগ্রহ করে তার শরীরে প্রয়োগ করা হয়। কিন্তু রক্ত দেওয়ার পর অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ স্থানান্তর করা হয়।
সেখানে পুনরায় পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, অহনার প্রকৃত রক্তের গ্রুপ ছিল ‘ও পজিটিভ’। ভুল গ্রুপের রক্ত প্রয়োগের ফলে তার শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ পরিবারের।
মেয়েকে হারিয়ে বাবা আব্দুস সালাম ও মা অভিযোগ করেন, ভুল রক্ত প্রয়োগ ও চিকিৎসকদের অবহেলার কারণেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে। একই অভিযোগ করেন অহনার স্বামী মৃদুল ইসলামও। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষকে পাওয়া যাচ্ছে না। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে ক্লিনিকটি তালাবদ্ধ পাওয়া যায়।
ডা. মো. খুরশীদ আলম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাংলাদেশ পুলিশ এর বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।