বগুড়ার ধুনট উপজেলায় মাদক কারবারের অভিযোগে পারুল খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার পারুল খাতুন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন মিয়ার স্ত্রী। তিনি উপজেলার মাধবডাঙ্গা গ্রামের বাসিন্দা। এর আগে সোমবার (১ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সাল থেকে রিপন মিয়া মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। স্বামী কারাগারে থাকার সময় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেন পারুল খাতুন। পরে স্বামী-স্ত্রী মিলে এলাকায় মাদক কারবার চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে রিপন মিয়া ও পারুল খাতুন তাদের বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে রিপন মিয়া পালিয়ে যান। এ সময় পারুল খাতুনকে আটক করে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রিপন মিয়া ও পারুল খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, আদালতের মাধ্যমে পারুল খাতুনকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক রিপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।